
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন বলে জানান তিনি।
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তিনি বিমানবন্দর থেকে বের হলে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে তাকে নিয়মিত থেরাপি নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।
এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়।
চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এতদিন তার ফিজিওথেরাপি চলছিল। দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন।
অধিকার ডেস্কঃ 





















