
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, ভেনিসের একটি পার্কে বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে আঘাতের ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান।
আসিফ মাহমুদ বলেন, জুলাইয়ের গণআন্দোলনে আজমেরী হক বাঁধনের সক্রিয় ভূমিকা ছিল। দেশের মানুষের অধিকার এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে তিনি নিজের অবস্থান প্রকাশ করেছিলেন। তার ওপর হামলার ঘটনায় জড়িতদের ইতালির প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
এনসিপির মুখপাত্র আরও বলেন, এ ধরনের ঘটনায় বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে বাঁধনের প্রতি দলের পূর্ণ সংহতি রয়েছে বলেও জানান তিনি।
‘আমরা আপনাকে নিয়ে গর্বিত’
এদিকে আজমেরী হক বাঁধনের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, দেশের মানুষকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে বাঁধনের ভূমিকা প্রশংসনীয়। এ সময় তিনি অভিনেত্রীকে উদ্দেশ করে লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
পোস্টে সারজিস আলম হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে এ ঘটনায় বাঁধনকে মানসিকভাবে ভেঙে না পড়ার আহ্বান জানান তিনি।
হামলার ঘটনায় বিচারের দাবি
এনসিপি নেতারা তাদের পৃথক বক্তব্যে ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি একজন বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তারা।
অধিকার ডেস্কঃ 
























