
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের পর যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তার দায়িত্বের মেয়াদ হিসেবে গণ্য হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতা পাবেন। এ ছাড়া প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।
উপাচার্য হিসেবে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের স্বার্থে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
শিক্ষকতা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতা
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি তিনি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেন।
এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি 






















