
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, মোটরসাইকেলটি নিয়ে দুই আরোহী ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। তারা বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসটির নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে ছিল। এরপরও বাসটি প্রায় আধা কিলোমিটার পথ এগিয়ে যায়। এতে ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই আরোহীর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিও আটক করা হয়েছে।
তবে ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এসআই কাজী ওবায়দুল কবির বলেন, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অধিকার ডেস্কঃ 






















