
সিলেটের জৈন্তাপুরসহ পুরো অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (রাজস্ব) আওতায় বিভিন্ন সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জৈন্তাপুরের পর্যটন সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে। এসব ক্ষেত্রে উন্নয়ন হলে এ অঞ্চলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
জৈন্তাপুর বাজারের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে বর্তমান বাজারের স্থাপনা ভেঙে সেখানে আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। নতুন মার্কেটটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্নভাবে গড়ে তোলার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের চলাচলের সুবিধাও নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, জৈন্তাপুরের রোগীদের জন্য শিগগিরই একটি আধুনিক অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে জরুরি রোগীদের পরিবহনসেবা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশীদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অধিকার ডেস্কঃ 























