
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ অসীম ধর জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে ট্রেন আসতে দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি রোহিঙ্গা বলে জানা গেছে। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
অধিকার ডেস্কঃ 























