
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব ঠেকাতে শসাক্ষেতে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাকিব হোসেন ওই এলাকার বাসিন্দা মো. আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর তাঁর শসাক্ষেত শিয়ালের হাত থেকে রক্ষার জন্য জমির চারপাশের বেড়ায় বৈদ্যুতিক তার লাগিয়ে রেখেছিলেন। অভিযোগ রয়েছে, নিরাপত্তার কোনো ব্যবস্থা ছাড়াই এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল।
শনিবার রাতের কোনো এক সময় সাকিব ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাক্ষেতের মধ্যে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শসাক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়ার বৈধতা ও নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আসবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী প্রতিনিধি 
























