
সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইনের পক্ষে সমর্থন দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলার ইমাম-খতিব ও বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামার সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনে বিজয়ী হলে আজীবন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। তাঁর দাবি, তাঁর পরিবার কিংবা তিনি কখনো ঠাকুরগাঁওয়ের কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও কারও ক্ষতি চান না। এমনকি নিজের চরম শত্রুরও ক্ষতি চান না বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।
ঠাকুরগাঁওকে বৈষম্যহীন, সাম্য ও ভ্রাতৃত্বের সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, এ ক্ষেত্রে ইসলামি মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, কোরআন-হাদিসের আলোকে মানুষকে সঠিক পথের নির্দেশনা দিতে আলেম-ওলামাদের ভূমিকা রয়েছে।
ইসলামের অপব্যাখ্যা বা অপব্যবহার করে কেউ যেন রাষ্ট্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মির্জা ফয়সল আমিন বলেন, সরকারি দলের একজন প্রার্থী হিসেবে সরকার, রাষ্ট্রপতি ও দেশের সম্মান রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান। এ জন্য আলেম-ওলামাদের সহযোগিতাও কামনা করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এমন একটি শহর গড়ে তুলতে চান, যেখানে মানুষের অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ঠাকুরগাঁওকে একটি স্বপ্নের সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফয়সল আমিন আলেম-ওলামাসহ সবার দোয়া ও সমর্থন চান। একই সঙ্গে আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অধিকার ডেস্কঃ 























