
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোহান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ফিরোজ সরদার ওরফে বাবু, মো. রিয়াজ সরদার ও মো. শরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছানোর পরপরই উত্তেজিত জনতা ও স্বজনেরা অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালান। একপর্যায়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে নিহত কলেজছাত্রের স্বজন ও এলাকাবাসী দ্রুত বিচারের দাবিতে মহাসড়ক ও এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
খবর পেয়ে রাজবাড়ী জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজুর রহমান বলেন, রোহান হত্যায় জড়িতদের বাড়িতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। খবর পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন যাতে আশপাশের অন্য বসতবাড়িতে ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৫ অক্টোবর বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান। এর চার দিন পর, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেহগনিবাগানের ডোবা থেকে তাঁর পেট কাটা ও বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অধিকার ডেস্কঃ 























