
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক ধরে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এবং বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া গুরুতর আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন। পরিচয় শনাক্তের কাজ চলছে।
সাজেদুর রহমান,নাটোর 



















