
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিজয়া দশমী উপলক্ষে জেলার ৬৮টি পূজামণ্ডপের প্রতিমা বিভিন্ন নদ-নদীতে বিসর্জন দেওয়া হয়।
সিঁদুর ও লাল শাড়িতে দেবীকে বিদায়
সকালে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর ও লাল শাড়িতে সাজিয়ে শেষ বিদায় জানান। এরপর প্রতিমাগুলো ট্রাকে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করানো হয়। এ সময় ভক্তরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
চেঙ্গী, মাইনী ও ফেনী নদীতে বিসর্জন
খাগড়াছড়ি শহরের চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ জেলার বিভিন্ন এলাকার নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন দেখতে নদীর তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
নিরাপত্তায় কঠোর ব্যবস্থা
বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
শুভেচ্ছা বিনিময়
এদিকে বিজয়া দশমীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিজয়া দশমীর সব কার্যক্রম।
অধিকার ডেস্কঃ 




















