
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস ব্রিফিং করেছে এসআরবি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে নাটোরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয় কালীবাড়ি প্রাঙ্গণে এ ব্রিফিংয়ের আয়োজন করে এসআরবি-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প। ব্রিফিংয়ে বক্তব্য দেন এসআরবি নাটোর ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।
তিনি জানান, পূজার সার্বিক নিরাপত্তায় এসআরবির প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবেন। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানে তাঁরা এগিয়ে আসবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সদস্যরা সবসময় সতর্ক থাকবেন বলেও তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে মন্দির পরিদর্শন করতে এবং পূজা উপভোগ করতে পারেন, সে জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা থাকবে। ব্রিফিংয়ের শেষে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
সাজেদুর রহমান, নাটোর 

























