
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে রেজাউল করিম নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৪৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১১০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন, যাঁদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৭ জন নারী। এ ছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন (তিনজন পুরুষ ও একজন নারী), নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন পুরুষ রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৪৩ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
একই সময়ে সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন, গোমস্তাপুর থেকে একজন, নাচোল থেকে দুজন এবং ভোলাহাট থেকে দুজনসহ মোট ৪৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে একজন নারী রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে ভর্তি ১১০ জন রোগীর মধ্যে জেলা হাসপাতালে রয়েছেন ৭৯ জন (৩৮ জন পুরুষ ও ৪১ জন নারী)। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আটজন (ছয়জন পুরুষ ও দুজন নারী), গোমস্তাপুরে ১৫ জন (১৪ জন পুরুষ ও একজন নারী) এবং ভোলাহাটে ছয়জন পুরুষ রোগী চিকিৎসাধীন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জেলা হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৩৯ জন, শিবগঞ্জে ১৭৩ জন, গোমস্তাপুরে ১৪৪ জন, নাচোলে ৮৯ জন ও ভোলাহাটে ১০৪ জন। সব মিলিয়ে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২৪৯ জন। এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭০ জন সাধারণ ডেঙ্গু রোগী। এই সময়ে জেলা হাসপাতাল থেকে ১৮১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ 



















