
ঢাকার আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাইদুর রহমান (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের (২৬) সঙ্গে একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তাঁর সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান।
এ সময় তাঁরা রকিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। তবে একটি গুলি রকির সঙ্গে থাকা সাইদুর রহমানের বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অধিকার ডেস্কঃ 




















