
নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আবেদনকারী মাধ্যমিক পাস হয়ে থাকলে তার এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারীর তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এনআইডি সংশোধন সংক্রান্ত জটিলতা কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় নিবন্ধন ফরম, জন্ম নিবন্ধন ও প্রুফ কপির পাশাপাশি এসএসসি সনদও সংরক্ষণ করতে হবে। বিশেষ করে জন্মতারিখ ও ব্যক্তিগত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এ সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইসি বলছে, অনেক ক্ষেত্রে আবেদনকারী মাধ্যমিক পাস হলেও সংশ্লিষ্ট অফিসে এসএসসি সনদ ডাটাবেজে যুক্ত করা হয় না। ফলে পরবর্তীতে এনআইডি সংশোধনের সময় জটিলতা তৈরি হয়। এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিও দেখা দেয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেউ উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত হলে এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও জমা দিতে হবে। এসব নথির কপি নিবন্ধন ফরমের সঙ্গে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এনআইডি তথ্যভান্ডারের নির্ভুলতা বাড়বে, সংশোধন প্রক্রিয়া সহজ হবে এবং জালিয়াতি রোধেও সহায়ক হবে।
এ নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মিত পরিদর্শন ও নথি যাচাইয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ইসি।
দৈনিক অধিকার ডেস্ক 























