
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার (২ মে) সকাল পর্যন্ত বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ফ্লাইটগুলো জেদ্দায় নিরাপদে অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন।
এছাড়া সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৮ হাজার ১৫ জন হজযাত্রী সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন। পাশাপাশি আইটি হেল্পডেস্কের সহায়তায় আরও ৯ হাজার ২৪০ জন চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন বলে জানা গেছে। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সহযোগী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে।
দৈনিক অধিকার ডেস্ক 





















