
সড়ক ও মহাসড়কের ওপর কোনো ধরনের কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রেললাইনের কাছাকাছি স্থানেও পশুর হাট বসানো যাবে না, যাতে রেল চলাচল ও পশু পরিবহনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। প্রয়োজনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্ধারিত স্থানে হাট বসানোর ব্যবস্থা করতে হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ঈদের পর বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দিয়েছেন। সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঈদের আগে এসব সংস্থার সঙ্গে বৈঠক করে প্রস্তুতি জোরদার করা হবে।
ঈদকে কেন্দ্র করে চামড়া বাজার ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। মন্ত্রী জানান, মাদরাসা ও এতিমখানাগুলোর সুবিধার জন্য চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে লবণ সরবরাহ এবং প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হবে।
তিনি আরও বলেন, চামড়া শিল্পে চাপ কমাতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধাপে ধাপে চামড়া সরবরাহের ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে কঠোর নজরদারি থাকবে।
দৈনিক অধিকার ডেস্ক 























