
ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র্যাব-১৪। এই অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি বিশেষ দল মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর সংলগ্ন ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ‘শ্রাবণ পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৩২) এবং মো. রমজান আলী (৪৫)।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বাসের ভেতরে তাদের হেফাজতে থাকা অবৈধ ভারতীয় কসমেটিকসের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে বাসের ভেতরে বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ৯০০ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব কসমেটিকস পণ্যের বিপরীতে আটক ব্যক্তিরা কোনো ধরনের বৈধ আমদানি সংক্রান্ত কাগজপত্র কিংবা শুল্ক পরিশোধের প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এমনটাই দাবি করেছে র্যাব-১৪।
এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 


















