
জাতীয় নাগরিক পার্টির সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য গঠিত এই কমিটি রবিবার (৫ জুলাই) অনুমোদন পায়। সংগঠনের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান। সদস্যসচিব হয়েছেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিম। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন আল হাদিস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের যায়েদ বিন ওসমান।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সদস্যসচিব ইফতেহার উদ্দিন বলেন, প্রথমেই তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্মরণ করেন চব্বিশের আন্দোলনে শহীদদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পাওয়া গেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী পথ থেকে জন্ম নেওয়া এই ছাত্রসংগঠনের অংশ হিসেবে দায়িত্ব পাওয়া শুধু একটি পদ নয়, বরং শহীদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ার দায়বদ্ধতা।
নতুন আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগ করা প্রতিটি শহীদের চেতনা ধারণ করে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান। তিনি জানান, দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকবেন এবং ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক ধারা তৈরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সমর্থন কামনা করেন তিনি।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধি(কুষ্টিয়া) 

























