
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা।
অনুষ্ঠানে সাজিদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।
দোয়া মাহফিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন,
“সাজিদ শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন মানুষও ছিলেন। তার মৃত্যুর এক বছর পার হলেও ঘটনার পূর্ণ সত্য এখনো সামনে আসেনি। আমরা চাই, তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে শ্বাসরোধজনিত মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সাজিদের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এ দোয়া মাহফিলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা। একই সঙ্গে তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইবি প্রতিনিধিঃ 























