
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নতুন নির্দেশনা জারি করেছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল, যা এবার এক ঘণ্টা কমিয়ে আনা হলো।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত এই নির্দেশনায় আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা কার্যকর হবে। অর্থাৎ এসব আয়োজনও রাত ৮টার মধ্যেই সমাপ্ত করতে হবে।
তবে এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানকে।
নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, আগের নির্দেশনায় শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ থাকলেও নতুন সিদ্ধান্তে তা কমিয়ে রাত ৮টা নির্ধারণ করা হলো। পাশাপাশি বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধের সুনির্দিষ্ট সময়সীমাও এবারই প্রথম বেঁধে দেওয়া হয়েছে।
অধিকার ডেস্কঃ 






















