
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর বাগাতিপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে তমালতলা বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন, বিএনপি নেতা হায়দার রশিদ সোনা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি রমজান আলী ফাকন, ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, তারেক রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নব্বইয়ের গণঅভ্যুত্থানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে কেক কেটে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরবর্তীতে ওলামা দলের সভাপতি আব্দুল বারী দোয়া পরিচালনা করেন, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
সাজেদুর রহমান, নাটোর 





















