
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ইতোমধ্যে প্রচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এবার দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেবেন মাদরাসা প্রতিষ্ঠানপ্রধানরা। ব্যানার, ফেস্টুন প্রদর্শন, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে গণভোটের প্রচার চালাতে হবে।
বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। নির্দেশনাটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি শাখার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য কণিকা–৯ অনুযায়ী তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার প্রস্তুত করে মাদরাসা প্রধানদের নিজ নিজ দপ্তরের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন সরবরাহকৃত তথ্যসমৃদ্ধ ড্রপডাউন ব্যানারও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে স্থাপন করতে হবে।
এ ছাড়া গণভোটের উদ্দেশ্য, সময়সূচি ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদরাসায় ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অভিভাবক সমাবেশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক অনুষ্ঠান বা আয়োজনে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক বার্তা উপস্থাপন করবেন প্রতিষ্ঠানপ্রধানরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি মাদরাসার ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে গণভোট বিষয়ক তথ্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে, নির্দেশনার ধারাবাহিকতায় সংযুক্ত দুটি লিফলেট সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে কিংবা এক পাতার উভয় পাশে মুদ্রণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 






















