
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৯৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৮৩ জন। একই সময়ে ১০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৩ শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২০ হাজার ৯৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অধিকার ডেস্কঃ 




















