
নাটোরের বাগাতিপাড়ায় অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বন্ধু কল্যাণ সংস্থা (বিকেএস)। এরই অংশ হিসেবে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টিতে এক অসহায় নারীকে একটি ছাগল উপহার দিয়েছে সংগঠনটি।
গতকাল সকালে উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের নুরপুর চকপাড়া গ্রামের মইমা নামের ওই নারীকে প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তাঁর আয়ের সুযোগ তৈরি ও স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব, উপদেষ্টা হায়দার রশীদ সোনা এবং সদস্য মাহতাব উদ্দিন ও শিখা বেগম।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি আব্দুল মজিদ বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের উন্নয়ন, নারী নির্যাতন ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা বন্ধু কল্যাণ সংস্থার নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, বন্ধু কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ প্রশংসার দাবিদার। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, একটি ছাগল হয়তো বড় কোনো সহায়তা নয়, তবে একজন অসহায় নারীর জন্য এটি আত্মনির্ভরশীল হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে ভূমিকা রাখে।
ভবিষ্যতেও বন্ধু কল্যাণ সংস্থা অসহায় মানুষের পাশে থেকে তাঁদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন হাফিজুর রহমান। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাজেদুর রহমান, নাটোর 
























