
সত্য সুন্দর প্রকাশে—চ্যানেল আই আটাশে’—এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজন করেছে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য র্যালি। সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, দর্শক ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যমের পরিবর্তনশীল বাস্তবতায় চ্যানেল আই দীর্ঘদিন ধরে সংবাদ, কৃষি, প্রকৃতি, বিনোদন, সংস্কৃতি ও জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দর্শকদের কাছে আলাদা একটি অবস্থান তৈরি করেছে। বিশেষ করে কৃষি ও প্রকৃতিবিষয়ক অনুষ্ঠান, দেশীয় সংস্কৃতি ও জীবনঘনিষ্ঠ নানা আয়োজনের মাধ্যমে চ্যানেলটি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথাও তুলে ধরছে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর বিপ্লব কুমার মজুমদার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনামসজিদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এবং কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক।
প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা সদস্য আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।

গণমাধ্যমের বদলে যাওয়া বাস্তবতায় চ্যানেল আই
বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের সংবাদ ও তথ্য গ্রহণের প্রধান মাধ্যমগুলোর একটি হয়ে উঠেছে। ফলে গণমাধ্যমকে এখন শুধু দ্রুত সংবাদ পরিবেশন করলেই হচ্ছে না; তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, জনস্বার্থ এবং পেশাগত নৈতিকতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।
তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তারের কারণে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এমন বাস্তবতায় যাচাই করা তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন আরও তীব্র হয়েছে। দীর্ঘ পথচলায় চ্যানেল আইয়ের সংবাদ ও অনুষ্ঠানমালা দর্শকদের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতার একটি জায়গা তৈরি করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।
বিশেষ করে কৃষি ও প্রকৃতিবিষয়ক অনুষ্ঠান প্রসঙ্গে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষি ও প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত। কৃষক, কৃষি উদ্যোক্তা, পরিবেশ, নদী, জীববৈচিত্র্য ও গ্রামীণ জীবনের নানা বিষয়কে গণমাধ্যমের মূলধারায় তুলে ধরার ক্ষেত্রে চ্যানেল আইয়ের বিভিন্ন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ফুলেল শুভেচ্ছায় প্রতিষ্ঠাবার্ষিকী
চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়া নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, জেলার আম ও অন্যান্য ফলের পরিচর্যায় ‘ফুট প্রটেক্টিং পেপার ব্যাগ’ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, চ্যানেল ওয়ানের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ তারেক রহমানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চ্যানেল আইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি ইনচার্জ মোঃ তারেক, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক নাদিম হোসেন, জহরুল ইসলাম, দৈনিক চাঁপাই দর্পণ পরিবারের সদস্য মোঃ ইসাহাক আলী, দৈনিক চাঁপাই দর্পণ পরিবারের সদস্য ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, মোঃ আসাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, দর্পণ ইয়ুথ ক্লাব, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দর্শক-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ২৮ বছরে চ্যানেল আই
আলোচনা সভায় অতিথিরা চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানমালা, সংবাদ পরিবেশন, কৃষি ও প্রকৃতিবিষয়ক আয়োজন এবং দেশের সংস্কৃতি ও জীবনঘনিষ্ঠ বিষয় তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে চ্যানেল আইয়ের উত্তরোত্তর উন্নতি ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, একটি টেলিভিশন চ্যানেলের দীর্ঘ পথচলার পেছনে শুধু প্রতিষ্ঠানটির কর্মীদের পরিশ্রমই নয়, দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, ডিটিএইচ প্রোভাইডারসহ সংশ্লিষ্ট সবার অবদান থাকে। দর্শকের আস্থা ধরে রাখতে হলে পরিবর্তিত প্রযুক্তি ও দর্শকের রুচির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে প্রতিনিয়ত নিজেদের আরও আধুনিক ও দায়িত্বশীল করে তুলতে হবে।
শাইখ সিরাজের কৃতজ্ঞতা
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করেছে বাংলা ভাষার প্রথম বেসরকারি স্যাটেলাইট ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই।
তিনি দেশে ও প্রবাসে থাকা চ্যানেল আইয়ের দর্শক, শুভানুধ্যায়ী, ক্যাবল অপারেটর ও ডিটিএইচ প্রোভাইডার, কর্মী, পরিচালনা পর্ষদ, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শাইখ সিরাজ বলেন, দর্শকদের ইতিবাচক পরামর্শ চ্যানেল আইকে আরও সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। সময়ের বিবর্তনে দর্শকদের ভালোবাসায় চ্যানেল আই এখন টেলিভিশনের পাশাপাশি বিস্তৃত ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও নিজেদের কার্যক্রম ছড়িয়ে দিয়েছে।
বর্ণাঢ্য র্যালিতে শেষ হয় আয়োজন
অনুষ্ঠানের শেষপর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের একটি ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‘সত্য সুন্দর প্রকাশে—চ্যানেল আই আটাশে’ স্লোগানে মুখরিত র্যালিতে অংশ নেওয়া দর্শক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
দুই যুগেরও বেশি সময়ের পথচলায় চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু একটি টেলিভিশন চ্যানেলের জন্মদিন উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি; বরং পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় দর্শক, সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্টদের পারস্পরিক সম্পর্ক, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ তথ্য পরিবেশনের গুরুত্বও নতুন করে সামনে এনেছে।
নিজস্ব প্রতিনিধিঃ 





















