
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৯৫ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৭৬ হাজার ৮৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন।
অধিকার ডেস্কঃ 





















