
অনুমোদিত মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য যোগ্য বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নামে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক অর্থায়নের আওতায় আন্তঃসীমান্ত লেনদেন ও পরিশোধের কার্যক্রম আরও সহজ করতে বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ইনভেস্ট বাংলাদেশ অথরিটি (আইবিএ)-এর ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট-সংক্রান্ত স্ক্রুটিনি কমিটি, বাংলাদেশ ব্যাংক এবং স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনের অনুমোদন প্রযোজ্য হবে।
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ এবং ঋণের অনুমোদন ও বিদেশি ঋণদাতার সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী ব্যবহারের জন্য নির্ধারিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য ঋণগ্রহীতার নামে এফসি হিসাব খুলতে পারবে।
আমদানি ও সেবা মূল্য পরিশোধে ব্যবহার
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এফসি হিসাবে রাখা বৈদেশিক মুদ্রা প্রচলিত আমদানি নীতি আদেশ ও বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান মেনে আমদানি মূল্য পরিশোধে ব্যবহার করা যাবে।
এ ছাড়া অনুমোদিত বৈদেশিক ঋণের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প বা কাজের জন্য প্রয়োজনীয় প্রকৃত সেবার মূল্য পরিশোধেও এসব অর্থ ব্যবহার করা যাবে।
অনুমোদিত স্থানীয় ক্রয় বা সংগ্রহের ক্ষেত্রে এফসি হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তরেরও সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের প্রযোজ্য শর্ত অনুযায়ী হিসাবের স্থিতির ওপর সুদ বা মুনাফা অর্জন করা যাবে।
ঋণের কিস্তির অর্থ সংরক্ষণ
বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগও রাখা হয়েছে নতুন নির্দেশনায়।
ঋণচুক্তিতে কিস্তি পরিশোধের জন্য অর্থ আগাম সংরক্ষণের শর্ত থাকলে ঋণের মেয়াদ পর্যন্ত এফসি হিসাব চালু রাখা যাবে। তবে এ ক্ষেত্রে পরবর্তী তিনটি কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের বেশি স্থিতি হিসাবে রাখা যাবে না।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত অনুমোদিত বৈদেশিক অর্থায়নের অর্থ ব্যবস্থাপনায় বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বাড়তি পরিচালনাগত সুবিধা তৈরি করবে। এতে আমদানি ও সেবা মূল্য পরিশোধ, অনুমোদিত স্থানীয় ক্রয় এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা আরও সহজ হতে পারে।
অধিকার ডেস্কঃ 

























