
আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক স্বর্ণবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা চার দিনে স্বর্ণের ভরিতে মোট ১২ হাজার ১৩ টাকা দাম বেড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
চলতি সপ্তাহে শনিবার সকাল ও রাতে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়, যার দ্বিতীয় দফার মূল্য কার্যকর হয় রোববার থেকে। এরপর সোমবার আবার দাম বাড়ানো হয়। সর্বশেষ মঙ্গলবারও মূল্য সমন্বয় করা হয়েছে। গত সপ্তাহেও দুই দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯১ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৬৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা প্রতি ভরি। বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
উল্লেখ্য, গত জানুয়ারির শেষ দিক থেকে দেশের স্বর্ণবাজারে দামের অস্থিরতা শুরু হয়। গত ২৯ জানুয়ারি একদিনেই ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে বিবেচিত হয়। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা—যা এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড রয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক বাড়ায় স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।
দৈনিক অধিকার ডেস্ক 























