
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন না পাওয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
তৃতীয় শ্রেণি কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি থেকে বঞ্চিত। কর্মচারীদের কেউ সাত বছর, আবার কেউ ১০ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, প্রচলিত নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর আপগ্রেডেশনের সুযোগ থাকার কথা। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করা হয়নি। এ বিষয়ে উপাচার্য ও রেজিস্ট্রারকে লিখিতভাবেও জানানো হয়েছে।
মাহফুজার রহমান জানান, শুরুতে প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে অনশনে যাওয়ার কর্মসূচি নেওয়া হবে।
কম বেতনে আর্থিক সংকটের অভিযোগ
গণিত বিভাগের সেমিনার সহকারী কাকলী বেগম বলেন, তাদের বেতন তুলনামূলকভাবে কম। এই আয় দিয়ে পরিবারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। অনেক কর্মচারী ঋণের বোঝায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ না থাকায় কর্মচারীদের আর্থিক চাপ আরও বেড়েছে।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদের তুলনায় তাদের বেতন কম। নিয়ম অনুযায়ী সময়মতো আপগ্রেডেশন হলে তারা কিছুটা আর্থিক সুবিধা পেতেন।
তিনি বলেন, গত ১০ বছরেও তারা কোনো আপগ্রেডেশন পাননি। দ্রুত পদোন্নতি ও আপগ্রেডেশনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
নীতিমালা প্রণয়নের কথা জানাল প্রশাসন
কর্মচারীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সংবিধি প্রণয়নের কথা বলা হয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, কমিটি প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে পাঠাবে। সেটি অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্মচারীদের পদোন্নতির সুযোগ তৈরি হবে।
অবস্থান কর্মসূচিতে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার অ্যাটেনডেন্ট ফারজানা বেগমসহ বিভিন্ন বিভাগের কর্মচারীরা অংশ নেন।
অধিকার ডেস্কঃ 

























