
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “নিজেই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিন, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করুন এবং শিল্প-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন, যাতে চাকরি খোঁজার প্রয়োজন না হয়ে চাকরিই বরং আপনাকে খুঁজে নেয়। ঠিক এভাবেই নিজেকে যোগ্য করে গড়ে তুলুন।”
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিডিজবসের যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতিবিষয়ক ‘প্রিপেয়ারিং ফর ইওর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও প্যানেল আলোচনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইবি উপাচার্য বলেন, একটি রাষ্ট্রের পক্ষে সব নাগরিককে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করার সক্ষমতা সীমিত। তিনি উদাহরণ দিয়ে বলেন, দেশে যদি ৩০ লাখ বেকার থাকেন, তাহলে সরকারের হয়তো একবারে মাত্র ৫ লাখ মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সামর্থ্য থাকে। বাকিদের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় রেখেই বর্তমান সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়িয়ে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি ব্যাখ্যা করেন, শিক্ষার্থীদের যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সুপারিশ করা হয়, তখন তাদের সহশিক্ষা কার্যক্রম—যেমন রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগে নিজেকে কীভাবে উপস্থাপন করেছে—তা পিএসসির ভাইভা বোর্ডে গুরুত্বপূর্ণভাবে মূল্যায়ন করা হয়। তাই পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা শাণিত করার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, সরকার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করলে, সমস্যা সমাধানের সক্ষমতা না থাকলে সেই দায়িত্বের জন্য উপযুক্ত বিবেচিত হওয়া যায় না।
অনুষ্ঠানের আহ্বায়ক আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজ।
এ ছাড়া প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের মহাপরিচালক ড. মেহেদী হাসান, এনজিও সংস্থা ‘সেতু’র ক্ষুদ্রঋণ কার্যক্রমের সমন্বয়ক মো. আলাউল আলম এবং রূপালী ব্যাংক পিএলসির এজিএম ও শাখা প্রধান আবুল কালাম আজাদ।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 

























