
ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাফি বলেছেন, ভারতীয় চাটুকার বা আনুগত্যশীল হয়ে কেউ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পারবে না।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নিপীড়নবিরোধী দিবস’ ও শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মামলার রায় দ্রুত কার্যকর এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা।
রাশেদুল ইসলাম রাফি বলেন, শহীদ আবরার ফাহাদের আদর্শের সঙ্গে একাত্ম হয়ে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান করছেন। বাংলাদেশের প্রতিটি মানুষ ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘ভারতকে খুশি করতে গিয়ে যদি দেশের কোনো নাগরিককে হয়রানি বা বৈষম্যের শিকার হতে হয়, তাহলে এ দেশের ছাত্রসমাজ তা মেনে নেবে না। শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমরাও এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।’
সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে ইবি শিবির সেক্রেটারি বলেন, বিগত সময়ে সরকার বেশ কিছু জনবিরোধী উদ্যোগ নিয়েছিল, তবে সেগুলো বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে।
শিক্ষক নিয়োগে দলীয়করণের চেষ্টা করা হয়েছিল দাবি করে তিনি বলেন, মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দিয়ে শিক্ষকদের নিয়োগের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। একইভাবে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বিসিএস ও বিশেষ বিসিএসে মেধাবীদের বাদ দিয়ে গেজেট প্রকাশের চেষ্টা করা হয়েছিল দাবি করে রাশেদুল ইসলাম রাফি বলেন, এসব উদ্যোগও শেষ পর্যন্ত সফল হয়নি।
তিনি বলেন, ‘এ ধরনের ব্যর্থ প্রচেষ্টা থেকে শিক্ষা নিতে হবে। অতীতের আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন। ছাত্র-জনতা তাদের দেশ থেকে বিদায় করেছে।’
শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারিক প্রক্রিয়ায় চিহ্নিত করা হয়েছে। এখন দ্রুত রায় বাস্তবায়ন দেখতে চায় দেশের ছাত্রসমাজ।
রাশেদুল ইসলাম রাফি আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো ভারতীয় আধিপত্য ও আনুগত্যমুক্ত একটি দেশ গড়ে তোলা। এমন বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্রসমাজ সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি।
মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 

























