
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এমন পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ✈️
শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গেও তিনি এ বিষয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেক ফ্লাইট বাতিল হওয়ায় প্রবাসীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হচ্ছে এবং অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। কেউ সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকারের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে যেসব বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন।
মন্ত্রী আরিফুল হক বলেন, হলি উৎসব মণিপুরি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী আয়োজন। এই জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। পাশাপাশি তিনি সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির প্রসঙ্গ তুলে বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 🚨
ঢাকায় ৮ দিনে বাতিল ২৬৮ ফ্লাইট
যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলেও। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত আট দিনে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহম্মদ কাউছার মাহমুদ।
চট্টগ্রামেও বাতিলের ধাক্কা
একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। শনিবার সেখানে ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 























