
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়। এ সময় লিখাচেভ জানান, যত দ্রুত সম্ভব প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।
রোসাটমের মহাপরিচালক বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, রূপপুর কেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করা সম্ভব হবে।
এদিকে রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক চালুর কার্যক্রম শুরু হবে।
বৈঠকে রূপপুর প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশে পারমাণবিক শক্তির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।
অধিকার ডেস্কঃ 























