
ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি টয়োটা সেলুন প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকার পাটগুদাম ব্রিজ বাসস্টেশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুবন্দী এলাকার আবু সাইদ (৩৮) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পশ্চিম বাহকুড় এলাকার সুজন চন্দ্র শীল (৩০)।
অধিদপ্তর সূত্র জানায়, অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পরে অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে পৃথক একটি অভিযান চালানো হয়। এসআই খাইরুল ইসলামের পরিচালনায় ওই অভিযানে ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ মো. একরামুল ইসলাম ও মো. জয়নাল আবেদীন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মাদক পাচার ও কেনাবেচা প্রতিরোধে ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসব অভিযান অব্যাহত রয়েছে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 

















