
নিজের নামের আগে বা পরে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরিচয়ের ক্ষেত্রে তাঁর নামের সঙ্গে ‘প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ লিখতে বলেছেন তিনি। সংসদ সদস্য বা এমপি হিসেবে সম্বোধন করলেও আপত্তি নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, তাঁর নামের নিচে ‘মাননীয় প্রতিমন্ত্রী’ লেখা হয়েছে। তবে নামের আগে-পরে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তাঁকে সম্বোধনের ক্ষেত্রে শুধু নাম ব্যবহার করা যেতে পারে। পরিচয়ের জন্য ‘প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ লিখলেই যথেষ্ট। নান্দাইলের জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্য বা এমপি হিসেবে পরিচয় দিলেও তিনি খুশি হবেন।
দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা না গেলেও নিরাপত্তার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করবে।
রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে নিজ দলের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও নিরাপত্তায় পাহারার ব্যবস্থা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
কোনো পলাতক গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠন যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে নজর রাখার নির্দেশনাও দেন তিনি।
সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ
প্রতিটি পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার ওপর জোর দেন তথ্য প্রতিমন্ত্রী। তাঁর মতে, বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের আগুন নেভানোর উপযোগী যন্ত্রপাতি রাখা জরুরি, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ
কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করতে হবে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া যাবে না।
পূজার ছুটি ও চাল বিতরণ নিয়ে মন্তব্য
দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। ছুটির সময়েও জেলা ও উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
পূজামণ্ডপগুলোতে আজান ও নামাজের সময়সূচি পৌঁছে দেওয়ার নির্দেশও দেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনকে সময়সূচি তৈরি করে প্রতিটি মণ্ডপে সরবরাহ করতে বলেন তিনি, যাতে আয়োজকেরা সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বেও রয়েছেন তিনি।
অধিকার ডেস্কঃ 























