
নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হায়দার রশিদ সোনা এবং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে বাস্তব ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, প্রতিবছর অগ্নিকাণ্ডের কারণে দেশে বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও নির্বাপণের সঠিক পদ্ধতি জানা থাকলে এই ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে দুর্যোগজনিত ক্ষতি অনেকাংশে হ্রাস করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কী করণীয়, সে বিষয়ে উপস্থিত শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এ ছাড়া দুর্যোগের ঝুঁকি কমানো এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে জনসচেতনতা তৈরি করাই এ দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশেও প্রতিবছর সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।
সাজেদুর রহমান, নাটোর 

















