
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির মধ্যেও দেশের কিছু এলাকায় ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকার ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। পরদিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত সরকারি ছুটি। এ সময় সাধারণত ব্যাংক বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে গত ১০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ১৮ ও ১৯ মার্চ তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।
এ সুবিধা পাবে ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো। এসব শাখায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে লেনদেন পরিচালনা করতে বলা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী, ওই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংক অফিস খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি রাখা হয়েছে।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী ভাতা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 

























