
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে ঘরমুখো মানুষের যাত্রায় ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন। তবে এবারের ঈদযাত্রায় যাত্রীদের নানা ধরনের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু পরিবহন সংশ্লিষ্ট চক্র এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা অমানবিক ও অনৈতিক। এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করা যায়। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়।
শেষে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ কমবে এবং যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
দৈনিক অধিকার ডেস্ক 

















