
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগর।
শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম।
এছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি মাদক প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ দাবি করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে মাদকের বিস্তার বেড়েছে। তিনি এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে সমালোচনা করেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার সংসদে এক নেতার মদ-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, যুব বিভাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সৈয়দ মাসুদ, রাজশাহী 























