
বকশীগঞ্জে বিমানমন্ত্রী, গ্যাস সংকট কাটতে লাগবে আরও এক বছর
২. বিস্তারিত সংবাদ
জামালপুর প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে দেশের যে ক্ষতি হয়েছে, তা বর্ণনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে দেশে চলমান গ্যাস সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান ও ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত এবং অন্যান্য কারণে বিশ্ব অর্থনীতি সংকটের মুখে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে।
গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকট পুরোপুরি নিরসন হতে প্রায় এক বছর সময় লাগতে পারে। তবে যতটা সম্ভব গ্যাস আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের ক্ষতি হয়েছে। তাঁর দাবি, পরবর্তী দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণ সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেয়নি বলে মন্তব্য করেন মন্ত্রী।
জ্বালানি সংকট ও মূল্য পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ টাকা। এমন পরিস্থিতিতে দেশের কিছু মানুষ সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে উৎসাহিত করছে বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সরকারের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধেও বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে সতর্ক থাকতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। মাদক নির্মূলে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কেউ অনিয়ম বা খারাপ কাজে জড়িত হলে তাঁকে বহিষ্কার করতেও সরকার ও দল প্রস্তুত। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণ করেন মন্ত্রী। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
অধিকার ডেস্কঃ 
























