
নাটোরের বাগাতিপাড়ায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা সততা ও নৈতিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়।
‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তাঁরা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে অন্যতম প্রতিবন্ধকতা। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়ানো জরুরি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তাঁরা মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাজেদুর রহমান, নাটোর 

















