
দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই পক্ষ প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের সফরে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান প্রেসিডেন্ট মুইজ্জু। গত ১১ বছরের মধ্যে মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম পাকিস্তান সফর। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
রেডিও পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে সেনাপ্রধান আসিম মুনির মালদ্বীপের সঙ্গে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এবং অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে প্রেসিডেন্ট মুইজ্জু পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার কথাও তিনি উল্লেখ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেন। এ সময় দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, দুই দেশ ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি প্রসঙ্গে তিনি মালদ্বীপের জনগণকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানান। মালদ্বীপকে ‘দ্বীপের দেশ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ জাতির চেতনা তাদের চারপাশের মহাসাগরের মতোই বিশাল।
অধিকার ডেস্কঃ 























