
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। বুধবার জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।
জাপানে অনুষ্ঠিত বৈঠকে আকাজাওয়া রিয়োসেই বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন এবং দেশটিতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে তাঁর দেশ আগ্রহী।
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার ক্ষেত্রগুলো এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে জাপানি ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের প্রতি যে বিনিয়োগ-আগ্রহ রয়েছে, তা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ আগ্রহকে বাস্তব বিনিয়োগে রূপান্তর করে দেশে আরও জাপানি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দুজনই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি সেই ঐতিহ্য এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 























