
জাতীয় সংসদের চলতি অধিবেশনকে আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করতে সরকারদলীয় সংসদ সদস্যদের গঠনমূলক ও সংযত বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়—যেমন একাধিক অধ্যাদেশ, বিল, বিধিমালা এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় এমপিদের উদ্দেশে বলা হয়, প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক বক্তব্য দিতে হবে, অপ্রয়োজনীয় দীর্ঘ বক্তব্য বা ব্যক্তিগত কটাক্ষ থেকে বিরত থাকতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সংসদে কোনো ধরনের আক্রমণাত্মক ভাষা বা যাচাই-বাছাই ছাড়া তথ্য উপস্থাপন করা যাবে না। একই সঙ্গে অধিবেশনে সময়মতো উপস্থিত থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভা সূত্রে জানা গেছে, বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয়, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এগুলো তাৎক্ষণিকভাবে পাস না হলেও ভবিষ্যতে সংশোধন বা পরিমার্জন করে বিল আকারে সংসদে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব বিষয়ে বক্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সংসদে বিল পাসের ক্ষেত্রে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সংসদীয় কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।
দৈনিক অধিকার ডেস্ক 






















