
১১ দলীয় জোটের কর্মসূচিকে ‘গাড়ি মার্চ’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, লং মার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে কর্মসূচি পালন করা। তবে জোটটি গাড়িতে করে কর্মসূচি পালন করছে।
শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
১১ দলীয় জোটের লং মার্চ প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লং মার্চের ইতিহাস হচ্ছে লং মার্চ পায়ে হেঁটে করতে। এটাকে গাড়ি মার্চ বলে। তারা গাড়ি মার্চ করছে। তাদের লং মার্চ তারা লং মার্চ করবে। এখন হেঁটে করবে না গাড়িতে করবে, সে তাদের ব্যাপার।’
জোটটির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে নিতাই রায় চৌধুরী বলেন, দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। তারা তাদের বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচি পালন করবে, আর তাঁরা নিজেদের বক্তব্য তুলে ধরবেন।
তিনি বলেন, ‘দেশে রাজনীতি করার অধিকার সবার আছে, তারা তো রাজনীতি করবে। তারা রাজনীতি করবে, তারা তাদের কথা বলবে। আর আমরা আমাদের কথা বলব।’
এ সময় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 






















