
হাসপাতালের চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন তিনি।
এ সময় সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন সাখাওয়াত হোসেন।
রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অধিকার ডেস্কঃ 

















