
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রচার উপকমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন ফি ছাড়াও বিভিন্ন পর্যায়ের সনদপত্রের জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্নাতক (অনার্স) পর্যায়ের সনদের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের জন্য ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির সনদের জন্য ২ হাজার টাকা দিতে হবে।
এ ছাড়া সমাবর্তনে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নিতে পারবেন। অতিথিদের মধ্যে স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্য কোনো ফি দিতে হবে না। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 






















