
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এ বিষয়ে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ফলে বাতিল হওয়া প্রার্থিতা পুনর্বহালের পথে বড় অগ্রগতি তৈরি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ এখনো কমিশনের হাতে পৌঁছায়নি, তবে নির্দেশনা পাওয়ার পর আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, এই আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে না নির্বাচন কমিশন। এদিকে একই দিন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের এ আদেশে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময়সীমার ১৯ মিনিট পরে। এই কারণ দেখিয়ে গত ২২ এপ্রিল তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।
দৈনিক অধিকার ডেস্ক 

























