
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরের নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, শনিবার গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের কাছে আশরাফুল দাবি করেছেন, তিনি পাঠাও চালক। জাহাঙ্গীর ও জসীম তাঁকে জোর করে ককটেল দিয়ে থানার সামনে বিস্ফোরণ ঘটাতে বলেন। তাঁদের কথা না শুনলে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ভয়ে তাঁদের নির্দেশে তিনি এ কাজ করেন বলে দাবি করেন আশরাফুল। তিনি রূপনগর থানার ঝিলপাড় বস্তিতে বসবাস করেন।
রূপনগর থানার ওসি এবি সিদ্দিক সমকালকে বলেন, শনিবার রাত ১টা ৩৫ মিনিটের দিকে থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় দৌড়ে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি আরও জানান, স্থানীয় যুবলীগ কর্মী জসীম ও ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আশরাফুলকে থানার সামনে ককটেল বিস্ফোরণের নির্দেশ দিয়েছিলেন।
পুলিশ জানায়, শনিবার ও রবিবার রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনটি থানা ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়েও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে শনিবার গভীর রাতে যাত্রাবাড়ী ও রূপনগর থানার সামনে এবং রবিবার পল্লবী থানা চত্বরে ককটেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া রবিবার রাতে একটি ফ্লাইওভার থেকে সিআইডির প্রধান কার্যালয় চত্বরে ককটেল ছুড়ে মারে এক ব্যক্তি।
সোমবারও রাজধানীর ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন সমকালকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তাঁদের কেউ কেউ টাকার বিনিময়ে এসব কাজে ব্যবহৃত হচ্ছেন। সোমবারও হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 
























